যুক্তরাষ্ট্র থেকে এলএনজি কিনতে চায় বাংলাদেশ

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে দীর্ঘমেয়াদে এলএনজি কেনার বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে।
বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে এ কথা জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, বৈঠকে ভারতের মতো বাংলাদেশকে রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে যেন ছাড় দেওয়া হয় সে বিষয়েও আলোচনা হয়েছে। এ সময় বিনিয়োগ বাণিজ্য নিয়েও কথা হয়েছে।
এদিকে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সাক্ষাৎ করতে গেলে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ দেশটি থেকে বাড়তি ডিজেল আনার বিষয়েও কথা বলেছেন।