বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব

এশিয়া পোস্ট নিউজ
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব
প্রতীকী ছবি

বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য ১ হাজার টাকা কর আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মো. শাহাদাত হোসেন সেলিম।

Advertisement

শুক্রবার (২৬ জুন) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭’ শীর্ষক আলোচনা সভায় এ প্রস্তাব তুলে ধরেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে শাহাদাত হোসেন বলেন, বিয়ে ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানে অপ্রয়োজনীয় অপচয় হচ্ছে। এগুলো কমানো গেলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম প্রায় ১০ শতাংশ পর্যন্ত কমে আসতে পারে।

তিনি বলেন, বর্তমানে গায়েহলুদের অনুষ্ঠানে নাচের জন্য এক মাস পর্যন্ত কোরিওগ্রাফির প্রশিক্ষণ নেওয়া হয়। বিয়ের অনুষ্ঠানে নাচ-গান, জাঁকজমকপূর্ণ আয়োজন এবং বিপুল সংখ্যক অতিথির জন্য বিপুল পরিমাণ খাবারের ব্যবস্থা করা হয়। কিন্তু এর অর্ধেকের বেশি খাবার শেষ পর্যন্ত অপচয় হয়।

তার মতে, এই অনাকাঙ্ক্ষিত সামাজিক অপচয়টিকে যে কোনো মূল্যে অবিলম্বে বন্ধ করা প্রয়োজন।

অতীতে দেশে অতিথি নিয়ন্ত্রণ আইন ছিল জানিয়ে শাহাদাত হোসেন বলেন, আইন অনুযায়ী নির্দিষ্ট সংখ্যার বেশি অতিথি হলে কর দিতে হতো। সেই বিষয়টি উল্লেখ করে তিনি প্রস্তাব দেন, বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য ১ হাজার টাকা কর নির্ধারণ করা হোক।

দেশে বিভিন্ন সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে অতিরিক্ত অপচয় রোধ এবং অতিথির সংখ্যা নিয়ন্ত্রণে ১৯৮৪ সালে ‘অতিথি নিয়ন্ত্রণ আদেশ, ১৯৮৪’ (দ্য গেস্ট কন্ট্রোল অর্ডার, ১৯৮৪) জারি করা হয়। দেশের সামগ্রিক খাদ্য পরিস্থিতি বিবেচনায় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অপচয় রোধে এই আদেশটি জারি করা হয়েছিল। আদেশটি আবার নতুন করে আলোচনায় এনেছেন শাহাদাত হোসেন সেলিম।