ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা, সময় ৩০ জুন পর্যন্ত

সারা দেশের ভূমির মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয়। সম্প্রতি এক বার্তায় আগামী ৩০ জুনের মধ্যে বকেয়াসহ চলতি অর্থবছরের ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ করতে বলা হয়েছে। একই সঙ্গে জমি সুরক্ষিত রাখতে ডিজিটাল পদ্ধতি ব্যবহারের জন্য বলেছে সরকার।
বার্তায় বলা হয়েছে, ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ স্মার্ট ও স্বচ্ছ করার লক্ষ্যে ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু করেছে সরকার। এতে কোনো রকম ঝামেলা ছাড়াই নাগরিকরা এখন ঘরে বসে land.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে তাদের ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন।
ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, ভূমি মালিকদের ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য প্রথমে নির্ধারিত পোর্টালে (land.gov.bd) গিয়ে নিবন্ধন করতে হবে। এরপর পর্যায়ক্রমে খতিয়ান ও জোত-সংক্রান্ত তথ্য দিলে ভূমি করের পরিমাণ জানা যাবে। পরে তা মোবাইল ব্যাংকিং বা কার্ডের মাধ্যমে পরিশোধ করা যাবে।
আগামী ৩০ জুনের মধ্যে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের পরামর্শ দিয়ে মন্ত্রণালয় বলেছে, নিজের জমি সুরক্ষিত রাখুন। নির্ধারিত সময়ের মধ্যে কর পরিশোধ না করলে পরবর্তী সময়ে আইন অনুযায়ী বকেয়ার ওপর সুদ যুক্ত হওয়ার সম্ভাবনা থাকে।
সরকারি অর্থবছর শেষ হয় ৩০ জুন। তাই পুরো বছরের হিসাব সম্পন্ন করতে এবং আইনি জটিলতা এড়াতে এই সময়ের মধ্যেই খাজনা পরিশোধ করা বাঞ্ছনীয়। এ ছাড়া অনলাইন-পদ্ধতি চালু হওয়ায় এখন আর ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে লাইনে দাঁড়িয়ে কর পরিশোধ করতে হয় না, এতে সময় ও অর্থ সাশ্রয় হয়।
ভূমি মন্ত্রণালয় আশা করছে, এই ডিজিটাল রূপান্তরের ফলে ভূমি কর আদায়ে স্বচ্ছতা আসবে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ হবে।
