দেশে ফিরে আ.লীগের বিরুদ্ধে রাজসাক্ষী হতে চান সাকিব, দাবি আসিফের

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান দেশে ফিরে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজসাক্ষী হতে চান —এমন দাবি করেছেন গায়ক আসিফ আকবর। সম্প্রতি অনলাইন গণমাধ্যম দ্য ডেলটা লেন্সকে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে এ দাবি করেন তিনি।
সাক্ষাৎকারে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সাকিবের রাজসাক্ষী হওয়ার বিষয়ে জানতে চাইলে আসিফ বলেন, এখনও সাকিব রাজসাক্ষী হতে চান। সাকিব তার ভুলগুলো ফিল করে। তার বিরুদ্ধে ওঠা শেয়ার কেলেঙ্কারির বিষয়ে সে বলেছিল, আমি সাক্ষী দিতে রাজি, আমাকে ঢুকতে দেন। কিন্তু আমাকে বের হওয়ারও নিশ্চয়তা দিতে হবে। এখন আর সেটা হবে না। কারণ, সে (সাকিব) আসলে অনেকের অবস্থা খারাপ হয়ে যাবে।
তিনি বলেন, সাকিবের বিষয়ে বোর্ডে আমরা একটা প্রস্তাবনা দিয়েছি যে, সাকিব অবসরে যেতে চায়। এ বিষয়ে বোর্ডে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে, আমরা খেলোয়াড় সাকিবকে চাই, নট ফ্যাসিস্ট সাকিব।
আসিফ বলেন, সাকিবকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত। সে কিছু কথা বলতে চায়, সেগুলো শোনা প্রয়োজন। আর সেটা দেশের স্বার্থে। এমনকি সে জেলে যেতেও রাজি। কিন্তু জেল থেকে বের হওয়ার পর দেশের বাইরে যাওয়ার নিশ্চয়তা চাচ্ছে সে।
এ সময় রাষ্ট্রপতির প্রসঙ্গ টেনে আসিফ আকবর বলেন, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন এখনও স্বপদে বহাল রয়েছেন। তাহলে সবচেয়ে বড় ফ্যাসিস্ট কী সাকিব হয়ে গেল? সাকিবের অধিকার আছে ফেরার। সে দেশকে দিয়েছে। বাকিগুলো দেয় নাই, তারা শুধু নিয়েছে।
সাক্ষাৎকারে সাকিবের দেশে ফেরার মূল বাধাটা কে বা কারা জানতে চাইলে আসিফ বলেন, সাকিবের দেশে আসতে মূল বাধা ক্রীড়া প্রতিমন্ত্রী এবং দখলকারী বোর্ড সভাপতি।
.png)






