logo

ঈদের ছুটিতেও খোলা থাকবে যেসব অফিস

ঈদের ছুটিতেও খোলা থাকবে যেসব অফিস
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লম্বা ছুটির ঘোষণা দিয়েছে সরকার। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশব্যাপী সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে এ ছুটির আওতার বাইরে থাকবে জরুরি সেবা দেওয়া অফিসগুলোর কর্মীরা।

বৃহস্পতিবার (১৪ মে) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত দেশব্যাপী সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। আগামী ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) অফিসগুলো খোলা থাকবে।

এতে আরও বলা হয়, জরুরি পরিষেবা যেমন- বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবে।

হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরাও এই ছুটির আওতার বাইরে থাকবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক সেবা চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। এ ছাড়া আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

বেসরকারি খাতের শিল্প প্রতিষ্ঠান অথবা কল-কারখানা ও প্রতিষ্ঠানের জন্য সাধারণ ছুটি ঘোষণার ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।