পোস্টারহীন প্রচারণা : মাইকে শব্দের মাত্রা বেঁধে দিল ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো পোস্টার ছাড়াই প্রচারণা শুরু হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১২টার পর থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে, যা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।
ইসির নির্দেশনায় বলা হয়, নির্বাচনি প্রচার কাজে ব্যবহৃত মাইকে শব্দের মাত্রা ৬০ ডেসিবেলের নিচে রাখার ব্যবস্থা করতে হবে। এর আগে, রাজনৈতিক দল ও প্রার্থীদের নির্বাচনি আচরণবিধিমালায় ইসি বলেছিল, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তিকে প্রচারে মাইক ব্যবহারের নিময় মানতে হবে। কোনো নির্বাচনি এলাকায় মাইক বা শব্দের মাত্রা বর্ধনকারী অন্যবিধ যন্ত্রের ব্যবহার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত সীমাবদ্ধ রাখতে হবে।
এ ছাড়া আচরণবিধিমালার ধারা ১৮ (১) মোতাবেক, প্রচারের সময় প্রার্থী সর্বোচ্চ তিনটি মাইক ব্যবহার করতে পারবেন। কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো ব্যক্তি কোনো নির্বাচনি এলাকায় একক কোনো জনসভায়ও একইসঙ্গে তিনটির বেশি মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহার করতে পারবেন না। তবে সাধারণ প্রচারণার জন্য ব্যবহৃত মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহারের ক্ষেত্রে এসব নিয়ম প্রযোজ্য হবে না।
বুধবার দিবাগত রাত ১২টার পর থেকে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। এই সময় পর্যন্ত অন্যান্য প্রচারণার পাশাপাশি মাইক ব্যবহারের ক্ষেত্রে উল্লিখিত শব্দের মাত্রা ও নির্দিষ্ট সময় বেঁধে দিল ইসি।