ডা. পাভেলের দ্রুত সুস্থতা কামনা করেছেন মীর শাহে আলম

বগুড়া জেলা বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য, ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির সভাপতি এবং বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের দ্রুত সুস্থতা কামনা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শুক্রবার (১০ জুলাই) এক বার্তায় প্রতিমন্ত্রী মহান আল্লাহর কাছে ডা. পাভেলের আশু ও পূর্ণ সুস্থতা কামনা করেন। দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন তিনি।
এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) বগুড়ায় নিজ বাসায় হঠাৎ প্রচণ্ড বুকে ব্যথা অনুভব করলে ডা. পাভেলকে দ্রুত টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
এদিকে আজ বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ডা. পাভেলের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা মাসুদ আলমগীর হোসেনের সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, চিকিৎসকদের পর্যবেক্ষণে রেখে তার চিকিৎসা চলছে। শারীরিক অবস্থার উন্নতি সাপেক্ষে যত দ্রুত সম্ভব তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার চেষ্টা করা হবে।
ডা. পাভেলের দ্রুত আরোগ্যের জন্য দোয়া চেয়েছেন তার পরিবার ও শুভানুধ্যায়ীরা।





