নব্য জেএমবি সন্দেহে সিটিটিসির হেফাজতে এক শিশু

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক শিশুকে হেফাজতে নিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
শুক্রবার (৩ এপ্রিল) ডিএমপি পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর আনুমানিক আড়াইটার দিকে হবিগঞ্জ সদর থানার একটি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে হেফাজতে নেওয়া হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, হেফাজতে নেওয়া ওই শিশুর সঙ্গে শেরে বাংলা নগর থানায় করা একটি সন্ত্রাসবিরোধী মামলার এজাহারভুক্ত আসামি আহসান জহির খান, দানিয়েল ইসলাম হাসান এবং রাসেল ওরফে পলাশ ওরফে আবু বাছের আল ফারুকীর যোগাযোগ ছিল।
সিটিটিসি আরও জানায়, শিশুটি অনলাইনে বেশ সক্রিয় ছিল এবং তথাকথিত জঙ্গি সংগঠন দাওলাতুল ইসলামের (আইএস) পক্ষে উগ্রবাদী প্রচারণা চালাত। সে সামাজিক যোগাযোগমাধ্যমে উগ্রবাদী পোস্ট শেয়ার করার পাশাপাশি সদস্য সংগ্রহে ভূমিকা রাখত বলেও অভিযোগ রয়েছে। এ ছাড়া বোমা তৈরির বিভিন্ন পিডিএফ ফাইল আদান-প্রদান এবং সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানির তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি।
বিধি অনুযায়ী হেফাজতে নেওয়া শিশুকে আদালতে পাঠানো হয়েছে।