logo

শ্রমিক অসন্তোষ, জরুরি বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী

শ্রমিক অসন্তোষ, জরুরি বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী
সড়কে বিক্ষোভরত শ্রমিকরা ও ইনসাইটে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান বিক্ষোভ ও অসন্তোষ মোকাবিলায় জরুরি উদ্যোগ নিয়েছে সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী তার সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল করেছেন।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় শ্রমিক অসন্তোষ নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রী ও উপদেষ্টাদের নিয়ে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্ত্রিপরিষদ বিভাগের এক সূত্র জানায়, পোশাক খাতে চলমান অস্থিরতায় করণীয় নির্ধারণের জন্য প্রধানমন্ত্রী ছয় থেকে সাতজন মন্ত্রী ও উপদেষ্টাকে ডেকেছেন। অর্থ, স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রীসহ আরও কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রী এবং উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত থাকতে পারেন। মাগরিবের নামাজের পর বৈঠকটি হওয়ার সম্ভাবনা রয়েছে।

রোববার দুপুর ১টার দিকে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পর্যালোচনার জন্য মজুরি বোর্ড গঠন করে সরকার।

সূত্র জানায়, শ্রমিক অসন্তোষ মোকাবিলায় প্রধানমন্ত্রী দুই দিন আগেই নির্দেশনা দিয়েছিলেন। তবে শ্রমিক প্রতিনিধির মনোনীত ব্যক্তির নাম পেতে শ্রম মন্ত্রণালয়ের সময় লেগে যায়। যে কারণে মজুরি বোর্ড গঠনেও দেরি হয়।

আরিফুল হক বলেন, আমরা আশা করি, দ্রুততম সময়ে বোর্ড বসবে এবং এটিকে একটি পর্যায়ে নিয়ে যাবে।

তিনি বলেন, শ্রমিকদের দাবি ছিল মজুরি বোর্ড। আজকে মজুরি বোর্ড গঠন করা হলো। আশা করি, এখন তারা রাস্তা ছেড়ে কলকারখানায় যোগ দেবে।

এক প্রশ্নের জবাবে শ্রমমন্ত্রী বলেন, গতকাল যে ঘটনাগুলো ঘটলো-১৫ থেকে ২০ জন গিয়ে ঢিল ছুড়লো। এরা শ্রমিক না। আমার মনে হয় এটা খুবই পরিষ্কার, পরিকল্পিতভাবে কয়েকটি রাজনৈতিক সংগঠন এই কাজগুলো করছে, যাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়। আমার মনে হয়, জনগণ ও শ্রমিকরা এ ব্যাপারে পরিষ্কার হয়ে যাবে।

ডিসেম্বরকে সামনে রেখে পরিকল্পিতভাবে শ্রমিক অসন্তোষ তৈরি করা হচ্ছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, অবশ্যই। এটা তো পরিষ্কার। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনে নিষিদ্ধঘোষিত একটি ছাত্র সংগঠনের সাংগঠনিক সম্পাদককে শ্রমিকের ছদ্মবেশে অংশ নিতে দেখা গেছে। এ সংক্রান্ত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশিত হয়েছে বলে জানান তিনি।

কোন ছাত্র সংগঠনের নেতার বিরুদ্ধে এ অভিযোগ- জানতে চাইলে শ্রমমন্ত্রী বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন!

আবদুল কাহহার মিয়াজী

সম্পাদনা

আবদুল কাহহার মিয়াজী

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট