দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৫৩ হাজার আসামি গ্রেপ্তার

দেশব্যাপী পরিচালিত বিশেষ অভিযানে চলতি বছরের ১ মে থেকে ২৬ আগস্ট পর্যন্ত ৫৩ হাজার ৫১৮ জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। একই সময়ে অন্যান্য মামলা ও অভিযানে আরও ১ লাখ ৪১ হাজার ৬২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফলে বিশেষ অভিযান ও অন্যান্য মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৫ হাজার ১৪৬ জন।
বুধবার (২৬ আগস্ট) বাংলাদেশ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে ৪৩৮টি আগ্নেয়াস্ত্র, ৪ হাজার ৭২২ রাউন্ড গুলি ও কার্তুজ, ১৬৫টি ম্যাগাজিন, ৬৫টি ককটেল, প্রায় ২ দশমিক ২৫ কেজি গানপাউডার, ৮৯৩টি দেশীয় অস্ত্র, ৭১টি অস্ত্রের যন্ত্রাংশ, ২১টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩০০টি চকলেট বোমা উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ১৫৩টি পিস্তল, ৪৮টি শুটারগান, ৪৫টি এলজি, ২৬টি রিভলভার, ১০৮টি বন্দুক, ২৬টি পাইপগান, ৭টি শটগান, ৭টি রাইফেল, ৩টি এসএমজি, ১২টি এয়ারগান ও একটি পেনগান।
এছাড়া অভিযানে ১ কোটি ৪০ লাখ ৫৪ হাজার ৫৫৯ পিস ইয়াবা, ১০ হাজার ৭৩২ পুরিয়া হেরোইন, ৩০ হাজার ৪২৭ বোতল ফেনসিডিল, ১৩ হাজার ৮৬৫ বোতল বিদেশি মদ, ৫৬০ বোতল দেশি মদ, ১২ হাজার ৫৩ পুরিয়া গাঁজা এবং অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
এসব মাদক উদ্ধারের ঘটনায় ২৩ হাজার ২২১টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ৩৪ হাজার ৪৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।



