logo

প্রধানমন্ত্রীর পিএস মেহেদুল, এপিএস সানি

প্রধানমন্ত্রীর পিএস মেহেদুল, এপিএস সানি

প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত সচিব (পিএস)-২ পদে মেহেদুল ইসলামকে চুক্তিবিত্তিক নিয়োগ দিয়েছে সরকার, যিনি এতদিন বিএনপি চেয়ারম্যানের ব্যক্তিগত কর্মকর্তা ছিলেন। আর সহকারী একান্ত সচিব (এপিএস)-২ পদে নিয়োগ পেয়েছেন আব্দুর রহমান সানি, যিনি বিএনপি প্রধানের সহকারী একান্ত সচিবের দায়িত্বে ছিলেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের নিয়োগ দেওয়া হয়।

এতে বলা হয়, মেহেদুল ইসলামকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ পদে গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

আব্দুর রহমান সানিকে নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, তিনি অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ পদে গ্রেড-৬ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদান করবেন। এ নিয়োগও প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক।

নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে দুই আদেশেই বলা হয়েছে।