পুলিশের বিশেষ অভিযানে ৪১ দিনে গ্রেপ্তার ১৮ হাজার ৩২৮

দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ১০ জুন পর্যন্ত ১৮ হাজার ৩২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি, মাদক কারবারি, চোরাকারবারি, চাঁদাবাজ, ছিনতাইকারী এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা রয়েছেন।
পুলিশ জানায়, বিশেষ অভিযানে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী হিসেবে ১ হাজার ৯৫৮, অবৈধ অস্ত্রধারী ৩৩১, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১০ হাজার ২০, ছিনতাইকারী, দস্যু ও ডাকাত ২ হাজার ২১১ এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও অস্ত্রের বিস্তার রোধ এবং জননিরাপত্তা জোরদারে এ অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও আইনগত ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে।
পুলিশ সদরদপ্তরের দাবি, দেশব্যাপী পরিচালিত এই বিশেষ অভিযানের মাধ্যমে অপরাধ দমনে ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়েছে।
