logo

মন্ত্রণালয় ও বিভাগের ৯ শীর্ষ কর্মকর্তার নিয়োগ বাতিল

মন্ত্রণালয় ও বিভাগের ৯ শীর্ষ কর্মকর্তার নিয়োগ বাতিল

সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে চুক্তিভিত্তিক নিয়োজিত ৯ শীর্ষ কর্মকর্তার নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম ও মোহাম্মদ রফিকুল হকের সই করা প্রজ্ঞাপনগুলোয় এ তথ্য জানানো হয়।

যাদের নিয়োগ বাতিল করা হয়েছে, তারা হলেন বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক বেগম শরিফা খান, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ড. কাইয়ুম আরা বেগম; পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) এম এ আকমল হোসেন আজাদ; পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) ড. মো. মোখলেস উর রহমান; মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ; ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ইউসুফ; জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) মহাপরিচালক (সিনিয়র সচিব) সিদ্দিক জোবায়ের; স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) সচিব শীষ হায়দার চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের শর্ত অনুযায়ী তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ (মাউশি) এবং ধর্মসচিবকে দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করেছে সরকার।