জামালপুরে পুশইনের চেষ্টা, বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধ

জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দারা। বিজিবির বাধার মুখে ওই ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করতে না পেরে বর্তমানে সীমান্তের শূন্যরেখার কাছে অবস্থান করছেন।
মঙ্গলবার (১৬ জুন) সকালে এশিয়া পোস্ট কে বিষয়টি নিশ্চিত করেছেন ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান।
বিজিবি জানায়, সোমবার রাতে ভারতের ১৬০ বিএসএফ ব্যাটালিয়নের অধীন দরগাপাড়া ক্যাম্পের সদস্যরা সীমান্তের কাঁটাতারের গেট খুলে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৭৮ এর পাশ দিয়ে এক ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে প্রতিরোধ গড়ে তোলে। এ সময় স্থানীয় বাসিন্দারাও সতর্ক অবস্থান নেন।
বিজিবির কড়া অবস্থানের কারণে ওই ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করতে পারেননি। সবশেষ খবর পাওয়া পর্যন্ত তিনি আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন।
জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, একজনকে পুশইনের চেষ্টা করেছিলো। আমরা তাকে ফেরত পাঠিয়েছি। লোকটি এখনও শূন্য রেখায় রয়েছে।
