বাঁধনের ওপর হামলায় ইতালি বিএনপি’র নিন্দা

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর ন্যক্কারজনক হামলার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। হামলার ঘটনায় ইতালি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিদেশের মাটিতে একজন শিল্পীর ওপর আওয়ামী সন্ত্রাসীদের এমন হামলা অত্যন্ত জঘন্য ও কাপুরুষোচিত। হামলাকারীদের অবিলম্বে চিহ্নিত করে ইতালীয় পুলিশের মাধ্যমে গ্রেপ্তার এবং তাদের স্টে-পারমিট বা ভিসা পর্যালোচনার জোর দাবি জানান তাঁরা।
চলচ্চিত্র উৎসব উপলক্ষে ভেনিসের পার্শ্ববর্তী মেস্ত্রে অঞ্চলে অবস্থানকালে পরিবারের সদস্যদের সঙ্গে বের হয়ে হামলার শিকার হন বাঁধন। এসময় হামলাকারী আওয়ামী লীগ সমর্থকরা অভিনেত্রীকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে, গায়ে পানি ছুঁড়ে মারে এবং একপর্যায়ে শারীরিকভাবে আঘাত করে। এসময় তাঁর মুঠোফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলার চেষ্টা করা হয় এবং পরিবারের সদস্যদের ওপরও চড়াও হয় হামলাকারীরা। এক পর্যায়ে বাঁধনকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য করার চেষ্টা করে তারা। হেনস্থার ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ইতালি প্রবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
ঘটনার পরপরই ইতালীয় পুলিশ অভিনেত্রী বাঁধন ও তাঁর পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় বাঁধন জানান, জুলাই অভ্যুত্থানে অংশ নেয়ার কারণেই তাঁর ওপর পরিকল্পিত এ হামলা হয়েছে।
এদিকে, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি দিয়েছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ইতালি। দূতাবাসের প্রথম সচিব মারজুক ইসলাম স্মারকলিপি গ্রহণ করেন।
বর্তমানে স্থানীয় ভেনিস পুলিশ সংগৃহীত সিসিটিভি ও ভিডিও ফুটেজ খতিয়ে দেখে অপরাধীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করছে এবং বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকেও আইনি প্রক্রিয়ার সার্বিক খোঁজখবর রাখা হচ্ছে।

