কাতার-দুবাইসহ ৬ রুটে বিমানের সব ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যের ছয়টি গুরুত্বপূর্ণ রুটে সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া অবধি আগামী ৫ মার্চ পর্যন্ত এসব রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট বন্ধ থাকবে।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে বিমানের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বাতিল হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে– সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা; সৌদি আরবের দাম্মাম; কাতারের দোহা এবং কুয়েত। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতির উন্নতি সাপেক্ষে যাত্রীদের বাতিল হওয়া ফ্লাইটগুলোর পরবর্তী শিডিউল বা সময়সূচি জানিয়ে দেওয়া হবে।
পরিসংখ্যান অনুযায়ী, যুদ্ধ পরিস্থিতির কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ১৪৭টি ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। এ কারণে বিমানবন্দরে বাড়ছে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের ভিড় আর ভোগান্তি।
বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, আকাশপথের উত্তেজনা নিরসন ও পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা কাটছে না। যাত্রীদের নিয়মিত বিমানের কল সেন্টার বা সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।