logo

দেশে ডিজেলের মজুত কত, জানালেন ডা. জাহেদ

দেশে ডিজেলের মজুত কত, জানালেন ডা. জাহেদ

দেশে জ্বালানি তেলের মজুত কিংবা সরবরাহে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, গত ১৯ এপ্রিল পর্যন্ত ১ লাখ ২২ হাজার ৬৩৩ মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, সরকারি বিভিন্ন অফিসে জ্বালানির ব্যবহার ৩০ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছে। উপসচিব পর্যায়ে গাড়ির ঋণ সুবিধা স্থগিত করা হয়েছে। আপ্যায়ন ব্যয় কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, সবাই বৈশ্বিক সংকটে রয়েছে। জ্বালানির দাম বাড়লে পণ্যের দামও সে অনুযায়ী সমন্বয় করা হবে। এছাড়া পরিবহনের ভাড়াও যৌক্তিকভাবে বৃদ্ধি করা হবে। যতটা কম ক্ষতি করে, কম ভাড়া বাড়ানো যায় সেই চেষ্টা করবে সরকার।

সরকারের ব্যাংকঋণ নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, এই লোন নেওয়াতে জনগণের উপর নিশ্চয়ই এর প্রভাব পড়বে। তবে এখনও এটি রেড জোন পর্যায়ে চলে যায়নি। সরকার যদি লোন নেয়, সেটি জনগণের কল্যাণেই নেওয়া হবে।

এ সময় ফুটপাত থেকে হকারদেরকে উচ্ছেদ করে তাদের পুনর্বাসনের জন্য সরকার রাজধানীর আটটি স্থানে নৈশবাজার স্থাপনের চিন্তা করছে বলেও জানান ডা. জাহেদ উর রহমান।