logo

দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড
বিদ্যুৎ সরবরাহ লাইন। ছবি : সংগৃহীত

বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য অনুযায়ী, দেশের মোট বিদ্যুৎ উৎপাদন পৌঁছেছে ১৭ হাজার ২০০ মেগাওয়াটে। যা বিদ্যুৎ উৎপাদনে দেশের সর্বোচ্চ রেকর্ড।

বুধবার (২০ মে) রাত ৯টায় এ মাইলফলক স্পর্শের ঘটনা ঘটে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ রাত ৯টায় দেশের ইতিহাসের সর্বোচ্চ ১৭ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

তবে রেকর্ড উৎপাদনের পরও ওই সময়ে প্রায় ৪০০ মেগাওয়াট লোডশেডিং হয়েছে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড।

এর আগে, ২০২৫ সালের ২৩ জুলাই দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ১৬ হাজার ৭৯৪ মেগাওয়াট।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির মুখপাত্র নাহিদ হাসান বলেন, সন্ধ্যার চাহিদা বৃদ্ধির সময় দেশে নতুন এই উৎপাদন রেকর্ড অর্জিত হয়েছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, দেশের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বর্তমানে প্রায় ২৯ হাজার মেগাওয়াটের বেশি। তবে জ্বালানি সরবরাহ, কেন্দ্রগুলোর রক্ষণাবেক্ষণ ও চাহিদার তারতম্যের ওপর বিদ্যুতের বাস্তব উৎপাদন নির্ভর করে।