‘সব এখানে’ অ্যাপের মাধ্যমে নাগরিকদের তথ্য বিক্রি, ডেভেলপার গ্রেপ্তার

‘সব এখানে’ নামের অ্যাপ ও সংশ্লিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে নাগরিকদের তথ্য সংগ্রহ ও বিক্রির অভিযোগে মো. আরমান হোসেন (২২) নামে একজন অ্যাপ ও ওয়েবসাইট ডেভেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (৭ মে) সিআইডির মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত আরমান হোসেন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার উত্তর রহিমপুর গ্রামের বাসিন্দা। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ছাত্র।
আরও পড়ুন: বাজেট অধিবেশন বসছে ৭ জুন
সিআইডি জানায়, গত বছরের ৯ অক্টোবর সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) সাইবার মনিটরিং সেলের নিয়মিত অনলাইন নজরদারির সময় ‘সিয়াম হাওলাদার’ নামের একটি ফেসবুক আইডিতে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) পূর্ণাঙ্গ তথ্য, এসএমএস তালিকা, বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট তথ্য, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এবং মামলা সংক্রান্ত গোপন তথ্য বিক্রির বিজ্ঞাপন নজরে আসে। পরে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত শুরু করে সিআইডি।
তদন্তের অংশ হিসেবে গত ১৩ অক্টোবর লক্ষ্মীপুরের কমলনগর এলাকা থেকে মো. সিয়াম হাওলাদার (২৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে মোবাইল ফোন, সিমকার্ড, হার্ডডিস্কসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়। তার ব্যবহৃত স্মার্টফোনে ‘সব এখানে’ নামে একটি অ্যান্ড্রয়েড অ্যাপের সন্ধান পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়াম স্বীকার করেন, ‘সব এখানে’ নামের অ্যাপ ও সংশ্লিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে নাগরিকদের সংবেদনশীল তথ্য সংগ্রহ ও বিক্রি করা হতো। এ ঘটনায় গত বছরের ১৪ অক্টোবর পল্টন মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে সিয়ামের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ২৮ অক্টোবর খুলনার কয়রা এলাকা থেকে চক্রের অন্যতম অ্যাডমিন মো. আল আমিনকে (২৩) গ্রেপ্তার করা হয়।
আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আল আমিন জানান, পুরো অ্যাপ ও সিস্টেমটি তৈরি করেছে এক দক্ষ প্রোগ্রামার। এরই ধারাবাহিকতায় গত ৫ মে রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদি এলাকায় অভিযান চালিয়ে মো. আরমান হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন, ছয়টি সিমকার্ড (যার মধ্যে তিনটি বিকাশ মার্চেন্ট সিম) এবং একটি ল্যাপটপ জব্দ করা হয়।
সিআইডি আরও জানানো হয়, আরমান sobakhane.xyz, sobakhane.online এবং sobakhane.info নামে একাধিক ওয়েবসাইট তৈরি করেন। পরবর্তীতে তিনি ‘সব এখানে’ নামের অ্যাপ তৈরি করে সংঘবদ্ধ চক্রের অন্য সদস্যদের সহযোগিতায় দেশের নাগরিকদের এনআইডি তথ্য, এসএমএস তালিকা, এমএফএস অ্যাকাউন্টের তথ্য, ব্যাংক তথ্য ও মামলা সংক্রান্ত তথ্য অর্থের বিনিময়ে বিক্রি করতেন। এসব তথ্য জাতীয় গোপনীয় ডাটাবেজ থেকে অবৈধভাবে সংগ্রহ করা হতো এবং একটি সংঘবদ্ধ চক্র এ কাজে জড়িত। তদন্তে চক্রের সদস্যদের সঙ্গে আসামির হোয়াটসঅ্যাপ যোগাযোগের তথ্যও পাওয়া গেছে।
গ্রেপ্তারকৃত আরমান হোসেনকে রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। মামলার পূর্ণ রহস্য উদ্ঘাটন এবং জড়িত অন্যদের আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিআইডি।
