Advertisement
আইএলও মহাপরিচালককে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শ্রম পরিবেশ উন্নয়নে নতুন যাত্রা শুরু করেছে বাংলাদেশ

এশিয়া পোস্ট প্রতিবেদক
শ্রম পরিবেশ উন্নয়নে নতুন যাত্রা শুরু করেছে বাংলাদেশ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সাক্ষাৎ করেন আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ. হুংবো। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে। ছবি: সংগৃহীত

শ্রম পরিবেশ উন্নয়নে বাংলাদেশ নতুন যাত্রা শুরু করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রোববার (১৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হুংবোর সঙ্গে বৈঠকে এ কথা জানান তিনি। বাংলাদেশে দুদিনের সফরে থাকা আইএলও মহাপরিচালক প্রতিমন্ত্রীর সঙ্গে এদিন সাক্ষাৎ করেন।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার শ্রম খাতে ব্যাপক সংস্কারের মাধ্যমে শোভন কর্মপরিবেশ, সামাজিক ন্যায়বিচার এবং শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনি ইশতেহারে গণতন্ত্র, মানবাধিকার ও শ্রমিকদের অধিকার এগিয়ে নেওয়ার যে অঙ্গীকার করা হয়েছে, সরকার তা বাস্তবায়নে কাজ করছে।’

তিনি শ্রম প্রশাসন আরও শক্তিশালী করা, প্রবাসী কর্মীদের অধিকার সুরক্ষা এবং বাংলাদেশ থেকে নিরাপদ, নিয়মিত ও দক্ষ জনশক্তির আন্তর্জাতিক শ্রমবাজারে অভিবাসন নিশ্চিত করতে আইএলওর অব্যাহত সহযোগিতা ও গঠনমূলক সম্পৃক্ততা কামনা করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আশা, শ্রম খাতে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি আগামী আইএলও গভর্নিং বডির অধিবেশনে যথাযথ স্বীকৃতি পাবে। একই সঙ্গে আইএলও সংবিধানের ২৬ অনুচ্ছেদের আওতায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান মামলার দ্রুত নিষ্পত্তির পথ সুগম হবে।

এদিকে বাংলাদেশের শ্রম পরিবেশ উন্নয়নে সরকারের রাজনৈতিক অঙ্গীকার ও উদ্যোগের প্রশংসা করেন আইএলও মহাপরিচালক। তিনি বলেন, শ্রম খাত সংস্কার, শোভন কর্মপরিবেশ এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বাংলাদেশের প্রচেষ্টায় আইএলওর সহযোগিতা অব্যাহত থাকবে।

তার মতে, শ্রম পরিস্থিতির উন্নয়নে বাংলাদেশের সাফল্য ভবিষ্যতে অন্যান্য দেশে আইএলওর কার্যক্রম পরিচালনার ক্ষেত্রেও একটি উদাহরণ হতে পারে।

বৈঠকে বাংলাদেশ ও আইএলওর মধ্যকার অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।