logo

বাবা-মাসহ দুদকের জালে সহকারী কর কমিশনার

বাবা-মাসহ দুদকের জালে সহকারী কর কমিশনার

অবৈধ সম্পদ অর্জন ও তা বৈধ করার অভিযোগে সহকারী কর কমিশনার তানজিনা সাথীসহ ৩ জনের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

মঙ্গলবার (১০ মার্চ) ঢাকার সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা দুটি দায়ের করেন দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ। মামলা দুটির নম্বর ৬ ও ৭।

এজাহারে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। ৬ নম্বর মামলার আসামি করা হয়েছে সহকারী কর কমিশার তানজিনা সাথী, তার বাবা মো. মোশারফ হোসেন মল্লিক।

এজাহারে বলা হয়েছে, দুদকের অভিযোগ অনুযায়ী সহকারী কর কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে সরকারি ক্ষমতার অপব্যবহার করে তিনি অসাধু উপায়ে বিপুল পরিমাণ অর্থ গ্রহণ করেন। ওই অর্থ দিয়ে নিজের, পিতা-মাতা ও অন্যদের নামে-বেনামে সম্পদ অর্জনের প্রমাণ পায় দুদক। এজাহারে বলা হয়, অনুসন্ধানকালে কর অঞ্চল-৭ ও কর অঞ্চল-৯ এর অধীন বিভিন্ন কর সার্কেলে দায়িত্ব পালনকালে তিনি উৎকোচ গ্রহণ করেছেন বলে তথ্য পাওয়া যায়। এসব অর্থ দিয়ে স্থাবর-অস্থাবর সম্পদ গড়ে তোলার অভিযোগও রয়েছে। এই মামলায় তার আসামিদের বিরুদ্ধে ৭ কোটি ৮৮ লাখ ২৮ হাজার ৬৫৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তা তানজিনা সাথী তার বাবার নামে স্থানান্তর করে বৈধ করার চেষ্টার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। 

অপর মামলায় আসামি করা হয়েছে সহকারী কর কমিশনার তানজিনা সাথী ও তার মা মোসা. রাণী বিলকিসকে। এই মামলায় এজাহারে আসামিদের বিরুদ্ধে ১ কোটি ৫৬ লাখ ৫৮ হাজার ৫৬৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে। মামলার এজাহারে বলা হয়েছে, সহকারী কর কমিশনার তানজিনা সাথী দায়িত্বপালনকালে বিপুল পরিমাণে উৎকোচ গ্রহণ করে এসব সম্পদের মালিক হয়েছেন।