logo

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে সারা দেশে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলবে। অন্তর্বর্তী সরকারের বেশিরভাগ উপদেষ্টা রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ভোট দেবেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকার বাইরের একটি কেন্দ্রে ভোট দেবেন সরকারে একজন উপদেষ্টা। এই মুহূর্তে রাজধানীর বাইরে যাওয়ার সুযোগ না থাকায় একজন উপদেষ্টা ভোট দেবেন না বলে জানা গেছে।  

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সকাল ১০টায় রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন। এদিন দুপুর ১২টায় তিনি কেন্দ্রে যাবেন বলে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান জানিয়েছেন।

সরকারি বার্তা সংস্থা বাসস জানিয়েছে, আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল ভোট দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদয়ন হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসভুক্ত একই এলাকার ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলকেন্দ্রে ভোট দেবেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার।

জালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ভোট দেবেন গুলশান-২ এর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ভোট দেবেন রাজধানীর ধানমন্ডির একটি কেন্দ্রে।

রাজধানীর মিরপুর ১২ নম্বর এলাকার ই ব্লকের একটি কেন্দ্রে ভোট দেবেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

শ্যামলী শিশু মেলার কাছে একটি কেন্দ্রে ভোট দেবেন প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন রাজধানীর মহাখালী ডিওএসএইচ এলাকার একটি স্কুলকেন্দ্রে ভোট দেবেন।

উত্তরা ১০ নম্বর সেক্টর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

চট্টগ্রাম মহানগরীর মেহেদীবাগের নিজ এলাকার ভোটকেন্দ্রে ভোট দেবেন দুর্যোগ উপদেষ্টা ফারুক-ই-আজম।

চট্টগ্রাম জেলার বাসিন্দা ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. খালিদ হোসেন জরুরি কাজ থাকায় ভোটের দিন ঢাকায় থাকবেন। তাই এবারের নির্বাচনে তিনি ভোট দিতে পারছেন না খবর দিয়েছে বাসস।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। সংসদ নির্বাচন ও গণভোটের জন্য দুটো আলাদা ব্যালটে ভোট দিতে হবে।