পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি হলেন মুশফিকুল ফজল আনসারী

অর্ন্তবর্তী সরকারের সময়ে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া এম মুশফিকুল ফজল আনসারীকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। বর্তমানে তিনি মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত রয়েছেন।
গত ৮ মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে তার বদলির বিষয়টি জানানো হয়। বাংলাদেশ সময় বুধবার (১১ মার্চ) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে বিজ্ঞপ্তিটি সংযুক্ত করে স্ট্যাটাস দেন তিনি।
দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে ছিলেন মুশফিকুল ফজল আনসারী। বিগত আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নের বিভিন্ন ঘটনা তিনি নিয়মিত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও জাতিসংঘের মহাসচিবের মুখপাত্রের ব্রিফিংয়ে তুলে ধরতেন। গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত করা হয়েছিল।
জানা গেছে, তার সঙ্গে বিভিন্ন দেশের আরও তিনজন রাষ্ট্রদূতকে প্রত্যাহতার করেছে বাংলাদেশ সরকার। তারা হলেন এম মাহফুজুল হক, মো. ময়নুল ইসলাম ও মো. নাজমুল ইসলাম। যথাক্রমে পর্তুগাল, পোল্যান্ড ও মালদ্বীপে তারা দায়িত্ব পালন করছেন। তাদেরকে অতিসত্বর ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।