যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহকারী পরিচালক সোহাগ ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে মাদারীপুরের রাজৈর থানার বদরপাশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিআইডির সাইবার পুলিশ সেন্টারের বিশেষ পুলিশ সুপার (সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস) মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রশ্নফাঁসের ঘটনায় মামলা করা হয়েছে। এ ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকিরের সম্পৃক্ততা পাওয়ার তথ্যের ভিত্তিতে মাদারীপুর রাজৈর থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের সময় সোহাগ ফকিরের কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।
জাহিদুল ইসলাম জানান, সোহাগ ফকিরকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ১০ অক্টোবর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় পরীক্ষা স্থগিত করা হয়।
এ ঘটনায় ১১ অক্টোবর রাজধানীর মতিঝিল থানায় মামলা নম্বর-০৭ দায়ের করা হয়। মামলাটি পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৫০-এর ৪/৫/৯(ক) ধারায় করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সিআইডি। একই সঙ্গে মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

