logo

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা শেষে মোনাজাত করছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ভিডিও থেকে নেওয়া

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর জিয়া উদ্যানের সমাধিস্থলে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

এর আগে, সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

এদিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছেন বিএনপি। এদিন বিকেল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুভযাত্রা শুরু হবে। এতে হেঁটে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, ৭ নভেম্বর দেশের জেলা ও মহানগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালি অনুষ্ঠিত হবে। ঢাকায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই র‌্যালির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে প্রধানমন্ত্রীর উদ্বোধনী বক্তব্যের পরেই এই শোভাযাত্রা শুরু হবে বলেও জানান তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘র‌্যালিটি নয়া পল্টন থেকে কাকরাইলে প্রধান বিচারপতির বাস ভবনের সামনে দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় হয়ে বাংলামোটর, ফার্মগেইট হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে।’

দলীয় সূত্রে জানা গেছে, র‌্যালিতে তারেক রহমান অংশগ্রহণ করবেন। কেন্দ্রীয় এই র‌্যালি সফল করতে মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং অঙ্গসংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

ইনামুল হোসেন

সম্পাদনা

ইনামুল হোসেন

জ্যেষ্ঠ সহ-সম্পাদক | এশিয়া পোস্ট