logo

৪২ জেলায় ১০৪ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৫৮ হাজার টাকা জরিমানা

৪২ জেলায় ১০৪ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৫৮ হাজার টাকা জরিমানা
দেশব্যাপী জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযান। ছবি: এশিয়া পোস্ট

চাল, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্য স্থিতিশীল রাখা, নকল-ভেজাল প্রতিরোধ এবং পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে দেশব্যাপী বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৪ অক্টোবর) দেশের ৪২টি জেলায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ১০৪টি প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিদপ্তরের ৫৪টি দল একযোগে পাইকারি ও খুচরা পর্যায়ের ব্যবসাপ্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে চাল, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায্য মূল্য, মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও প্রদান এবং অতিরিক্ত মূল্য আদায় করা হচ্ছে কি না, তা যাচাই করা হয়। পাশাপাশি পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মজুদ ও সরবরাহে প্রতিবন্ধকতা ঠেকাতে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।

এদিকে ঢাকা মহানগরের মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান ও চন্দ্রিমা মডেল টাউনে নিত্যপ্রয়োজনীয় পণ্য, বেকারি ও ওষুধের দোকানে তদারকি চালানো হয়। অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয় ও ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রোজিনা সুলতানা ও মুহাম্মদ হাসানুজ্জামানের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়।

অভিযানকালে দেশীয়ভাবে উৎপাদিত মোটরসাইকেলের তালা বিদেশি পণ্য হিসেবে মোড়কজাত ও বাজারজাত করার অভিযোগ এবং কারখানার অনুমোদন প্রদর্শন করতে না পারায় একটি প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ করে সিলগালা করা হয়। এ ছাড়া নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মেয়াদোত্তীর্ণ রং ব্যবহার করে কেক তৈরির দায়ে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে একটি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পণ্য কিনতে গিয়ে কোনো অনিয়ম বা প্রতারণার শিকার হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১-এ অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি।