বাজারে সয়াবিন তেল বিশুদ্ধ, ভারী ধাতু নেই: শিল্প ও বাণিজ্যমন্ত্রী

দেশের বাজারে থাকা সয়াবিন তেল সম্পূর্ণ বিশুদ্ধ এবং এতে কোনো ভারী ধাতুর উপস্থিতি পাওয়া যায়নি বলে দাবি করেছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, সয়াবিন তেলে ভারী ধাতু থাকার বিষয়ে প্রকাশিত খবরের পর বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ১৯৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় সব নমুনাই বিশুদ্ধ পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর অফিসার্স ক্লাবে বিশ্ব মান দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
এবারের মান দিবসের প্রতিপাদ্য—‘উন্নত বিশ্বের অভিন্ন লক্ষ্য: সাশ্রয়ী ও পরিচ্ছন্ন জ্বালানি’।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান।
বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশের খাদ্য-সংশ্লিষ্ট খাতগুলোতে খাদ্যের বিশুদ্ধতা নিশ্চিত করতে সরকার কাজ করবে। কিছুদিন আগে একটি সংবাদমাধ্যমে সয়াবিন তেলে ভারী ধাতু থাকার বিষয়ে খবর প্রকাশিত হয়। এরপর বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ১৯৩টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় কোনো নমুনায় ভারী ধাতু পাওয়া যায়নি বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, অনলাইনে এ বিষয়ে যেসব তথ্য প্রকাশিত হয়েছে, তা অপপ্রচার। নানা নেতিবাচক খবরের মধ্যে এ বিষয়ে একটি ইতিবাচক তথ্য জনগণের সামনে তুলে ধরতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন।
মন্ত্রী বলেন, সবার সহযোগিতায় বিএসটিআইয়ের কার্যক্রম আরও এগিয়ে নেওয়া হবে। আগামী বিশ্ব মান দিবসের আগেই আরও ইতিবাচক অগ্রগতি তুলে ধরতে সংশ্লিষ্ট সবার দোয়া ও সমর্থন কামনা করেন তিনি।
অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল, এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক এবং বিএসটিআইয়ের মো. সাইদুল ইসলাম (মান)।
