ইসলামী ব্যাংক নিয়ে রাজনীতি করতে দেওয়া হবে না: বাংলাদেশ ব্যাংক

ইসলামী ব্যাংক নিয়ে কোনো ধরনের রাজনীতি করতে দেওয়া হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকটির জন্য দ্রুত সৎ, যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হবে বলেও আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সোমবার (২২ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ইসলামী ব্যাংক দেশের অন্যতম বৃহৎ ব্যাংক। এ ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে পুরো ব্যাংক খাতের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। তাই দ্রুত একটি গ্রহণযোগ্য পরিচালনা পর্ষদ গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এর আগে সকালে বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা। এ সময় তারা ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদ পুনর্গঠনের দাবি জানান।
বিক্ষোভকারীরা বলেন, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে রাখা যাবে না। একই সঙ্গে ২০১৭ সালের আগে যারা ব্যাংকটির মালিকানা ও পরিচালনায় যুক্ত ছিলেন তাদের পুনর্বহালের দাবিও জানান তারা।
আন্দোলনকারীরা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে নতুন পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
এর আগে গত ১৬ জুন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে একটি স্মারকলিপি জমা দেয়। সেখানে দ্রুত নতুন পরিচালনা পর্ষদ গঠন এবং এস আলম গ্রুপের মালিকানাধীন শেয়ার আগের মালিকদের কাছে হস্তান্তরের দাবি জানানো হয়।
গত ১ জুন থেকে সদ্যবিদায়ী চেয়ারম্যান খোরশেদ আলমের পদত্যাগের দাবিতে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলন শুরু হয়। পরবর্তীতে ১৩ জুন বাংলাদেশ ব্যাংক ব্যাংকটির চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদ ভেঙে দেয়। একই সঙ্গে ব্যাংকটির সার্বিক দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনের ওপর অর্পণ করা হয়।







