মানব পাচার ও অবৈধ অভিবাসনের শিকার ব্যক্তিদের ফেরাতে ‘আরডিএমএস’ চালু

মানব পাচার ও অবৈধ অভিবাসনের শিকার বাংলাদেশি নাগরিকদের বিদেশ থেকে দ্রুত, নিরাপদ ও সমন্বিত উপায়ে দেশে ফেরাতে ‘রিপ্যাট্রিয়েশন ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম’ (আরডিএমএস) চালু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কেন্দ্রীয় এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে জাতীয়তা যাচাই, তথ্য ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও সহজ হবে।
রোববার (৩০ আগস্ট) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বোর্ডরুমে এক অনুষ্ঠানে নতুন এই প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে এবং বেসরকারি সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে কারিগরি সহায়তা দিয়েছে জাস্টিস অ্যান্ড কেয়ার এবং সিস্টেমটির উন্নয়ন ও আপগ্রেডেশনে সহযোগিতা করেছে অস্ট্রেলিয়া সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) ড. জিয়াউদ্দিন আহমেদ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ফেরত আসা ব্যক্তি ও পাচারের শিকার সারভাইভারদের পূর্ণাঙ্গ তথ্য সংরক্ষণে আরডিএমএস প্ল্যাটফর্মটি ইতিমধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ডাটাবেজের সঙ্গে যুক্ত করা হয়েছে। এ ছাড়া শিশুদের নিখুঁতভাবে শনাক্ত করতে জন্ম ও মৃত্যু নিবন্ধনের পাশাপাশি পাসপোর্ট সেবার সঙ্গে এটি সমন্বিত করার কাজ চলমান রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রচলিত নিয়মে কাগজপত্র ও চিঠিপত্রের মাধ্যমে প্রত্যাবাসন প্রক্রিয়া চালানোয় এত দিন অনেক বিলম্ব হতো। আরডিএমএস চালুর ফলে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের মধ্যে তথ্য আদান-প্রদান সহজ হবে। এতে জাতীয়তা ও পুলিশ রেকর্ড যাচাই দ্রুত সম্পন্ন করা এবং রিয়েল টাইমে আবেদনের অগ্রগতি পর্যবেক্ষণ সম্ভব হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান। আরডিএমএসের উদ্দেশ্য ও বিভিন্ন দিক তুলে ধরেন জাস্টিস অ্যান্ড কেয়ারের কান্ট্রি ডিরেক্টর তারিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান ও অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিন, এসবির ডিআইজি (এসসিও) জাহাঙ্গীর হোসেন এবং অস্ট্রেলিয়ান হাইকমিশনের কাউন্সেলর রুবেন গ্রে। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, ভারত ও থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



