প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত হওয়া সেই ছাদেকুর এবার পেলেন পদোন্নতি

জনপ্রশাসনে একযোগে পদোন্নতি পেয়েছেন ১৭৯ উপসচিব। তাদের যুগ্ম সচিব পদে উন্নীত করেছে সরকার। পদোন্নতি পাওয়া এসব কর্মকর্তার তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বরখাস্ত হওয়া ছাদেকুর রহমানও।
বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে ১৭৯ জনের তালিকায় ৬৭ নম্বরে রয়েছে ছাদেকুর রহমানের নাম। তার আইডি নং ১৫৮৬৫।
ছাদেকুর রহমান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার দায়িত্বে ছিলেন। গত ২৮ মে ঈদুল আজহার দিন নানা স্থানে কোরবানি দেন মানুষ। কোরবানির বর্জ্য ঠিকমতো অপসারণ করা হয়েছে কি না তা দেখতে পরদিন নিজেই গাড়ি নিয়ে বের হন প্রধানমন্ত্রী। তিনি বিভিন্ন এলাকায় সিটি করপোরেশন কর্মীদের পশুর বর্জ্য অপসারণ কাজ দেখেন। সেদিন বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় চার ঘণ্টা ঢাকার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
পরিদর্শনের সময় হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির পশুর বর্জ্যের পাশাপাশি আগের জমে থাকা ময়লা রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। বর্জ্য অপসারণে অবহেলার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে।
এরপর তার নির্দেশে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ছাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজিরকে তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
অসদাচরণের অভিযোগে তাদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে নির্দেশ ছিল দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়।
তবে বিভাগীয় তদন্ত শেষ হওয়ার আগেই বরখাস্ত আদেশের মধ্যেই যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ছাদেকুর রহমান।




