logo

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, নির্বাচন কমিশনের সতর্কবার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, নির্বাচন কমিশনের সতর্কবার্তা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিরুৎসাহিত করতে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে গুজব ও অপপ্রচার ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এসব গুজবে কান না দিয়ে ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়, এ বিষয়ে নির্বাচন কমিশন অত্যন্ত স্পষ্টভাবে জানাচ্ছে যে ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বাংলাদেশের ২৯৯টি সংসদীয় আসনে (শেরপুর-৩ ব্যতীত) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটাররা যাতে নিরাপদে ভোট দিতে পারেন, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

কোনো ধরনের গুজব ও অপপ্রচারে কান না দিয়ে নির্ভয়ে ভোট প্রদান করতে ভোটারদের প্রতি ইসি অনুরোধ জানিয়েছে সতর্কবার্তায়।

প্রসঙ্গত, আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। পরদিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার মধ্যেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করবে ইসি।