প্রথম প্রান্তিকে কর দিলে প্রণোদনা: এনবিআর চেয়ারম্যান

আগামী বছর থেকে সারাবছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সুবিধা রাখা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে এনবিআর ভবনে আগামী অর্থবছরের জাতীয় বাজেট সামনে রেখে অংশীজনদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় এ কথা জানান তিনি।
এ সময় তিনি বলেন, প্রথম প্রান্তিকে কর দিলে তাদের জন্য প্রণোদনার ব্যবস্থা করা হবে।
এনবিআর চেয়ারম্যান বলেন, বিগত সব সময়ের চেয়ে এবার কর আদায়ের লক্ষ্য বেশি পূরণ হবে। চলতি অর্থবছর কর অব্যাহতি অনেক বেশি তবে আগামী অর্থবছরের বাজেটে কর অব্যাহতি কমানো হবে।
তিনি বলেন, সুশাসন নিশ্চিত করতে সৎ কর্মকর্তাদের উৎসাহিত করা হচ্ছে। গোয়েন্দা কার্যক্রম বেগবান করে কর ফাঁকিবাজদের চিহ্নিত করা হচ্ছে।
অনুষ্ঠানে বিজ্ঞাপন আয়ে বিদ্যমান ১৫ শতাংশ উৎসে কর ও আগাম কর কমানো এবং নিউজপ্রিন্ট আমদানিতে বিদ্যমান ১৫ শতাংশ কর সম্পূর্ণ অব্যাহতির দাবি জানিয়েছে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব।