বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কারও হস্তক্ষেপ মেনে নেবে না চীন: রাষ্ট্রদূত

এশিয়া পোস্ট নিউজ
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কারও হস্তক্ষেপ মেনে নেবে না চীন: রাষ্ট্রদূত
বৃহস্পতিবার ঢাকায় চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি: সংগৃহীত

বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে চীন কারও হস্তক্ষেপ মেনে নেবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকায় চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত রয়েছে জানিয়ে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের অনুরোধে তিস্তা প্রকল্পে কাজ করবে চীন। অন্য কোনো ইস্যু আমাদের ভাবার বিষয় নয়। চীন তাদের সামর্থ্যের মধ্যে থেকে এই প্রকল্পে বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে বলে জানান তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর অত্যন্ত সফল। এ সফরে দুই দেশের কৌশলগত পর্যায়ে সম্পর্কের উন্নতি হয়েছে। এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে আস্থার এক নতুন স্তর তৈরি হয়েছে।

ইয়াও ওয়েন বলেন, তিস্তা ইস্যুতে চীনের সমর্থন অব্যাহত থাকবে। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়ন সহায়তায় চীনের সহযোগিতা নিয়ে সন্দেহের অবকাশ নেই।