logo

ঈদযাত্রায় ট্রেন টিকিটে কড়াকড়ি, অতিরিক্ত রিকোয়েস্ট দিলেই ব্লক

ঈদযাত্রায় ট্রেন টিকিটে কড়াকড়ি, অতিরিক্ত রিকোয়েস্ট দিলেই ব্লক

ঈদযাত্রাকে ঘিরে অনলাইনে ট্রেনের টিকিট কাটায় নতুন কঠোর নীতিমালা চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। সাধারণ যাত্রীরা যেন নিরাপদ ও নিরবচ্ছিন্নভাবে টিকিট সংগ্রহ করতে পারেন, সে লক্ষ্যেই সার্ভার সুরক্ষা ও ব্যবহারবিধিতে আনা হয়েছে বড় পরিবর্তন।

নতুন নিয়ম অনুযায়ী, কোনো ব্যবহারকারী একই ইউআরএলে এক মিনিটে ১০ বার বা তার বেশি রিকোয়েস্ট পাঠালে তাকে স্বয়ংক্রিয়ভাবে পাঁচ মিনিটের জন্য ব্লক করা হবে। অর্থাৎ অস্বাভাবিক ক্লিক বা রিফ্রেশ করলে সঙ্গে সঙ্গে সাময়িক নিষেধাজ্ঞা কার্যকর হবে।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৮টা থেকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ব্যবস্থায় অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট বিক্রির ওয়েবসাইটেই নতুন নির্দেশনা প্রকাশ করা হয়েছে। এবারও প্রযুক্তিগত সহায়তায় রয়েছে সহজ-সিনেসিস-ভিনসেন জেভি।

আরও বলা হয়েছে, কোনো ব্যবহারকারী ১৫ মিনিটের মধ্যে তিনবার বা তার বেশি সিট নির্বাচন করলে তার সিট সিলেকশন সুবিধা এক ঘণ্টার জন্য বন্ধ থাকবে। অর্থাৎ বারবার সিট ধরে রাখার চেষ্টা করলে সরাসরি নিষেধাজ্ঞা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, অতিরিক্ত বা অস্বাভাবিক রিকোয়েস্ট সার্ভারে চাপ তৈরি করে, যার ফলে অন্য যাত্রীরা টিকিট কাটতে গিয়ে ভোগান্তিতে পড়েন। কৃত্রিম ভিড় সৃষ্টি বা স্বয়ংক্রিয় সফটওয়্যার ব্যবহার করে সিট দখলের প্রবণতা ঠেকাতেই এই সীমা নির্ধারণ করা হয়েছে। এতে সাধারণ ব্যবহারকারীরা সমান ও স্বচ্ছ সুযোগ পাবেন বলে আশা করছে কর্তৃপক্ষ।

সময়সূচি অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে।

রেলওয়ে জানিয়েছে, ঈদের অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না। একজন যাত্রী অগ্রিম যাত্রা ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন। একবারে সর্বোচ্চ চারটি টিকিট কেনা যাবে।