logo

স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য কুচকাওয়াজে যোগ দিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য কুচকাওয়াজে যোগ দিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য কুচকাওয়াজ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টায় শুরু হওয়া এই কুচকাওয়াজে উপস্থিত থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সালাম গ্রহণ করেন। অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমানও। এ সময় তিন বাহিনীর প্রধান, মন্ত্রিসভার সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, কূটনীতিকসহ দেশি-বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে ঘোড়ায় চড়ে প্যারেড গ্রাউন্ডে আসেন কুচকাওয়াজের অধিনায়ক ও নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম আসাদুল হক। তিনি উপ-অধিনায়কের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

এরপর মিলিটারি পুলিশের মোটর শোভাযাত্রার মাধ্যমে প্রধানমন্ত্রী প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করেন। একইভাবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী ও তিন বাহিনীর প্রধানরা।

কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট উপভোগ করতে সকাল থেকেই জাতীয় প্যারেড গ্রাউন্ডে ভিড় করেন বিভিন্ন বয়সি হাজারও দর্শনার্থী। তাদের জন্য বসার ব্যবস্থা করা হয় এবং অনেকের হাতে-মাথায় জাতীয় পতাকা দেখা যায়।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায়, সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে এবং নবম পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।

দীর্ঘ বিরতির পর এবার স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ ফিরে এসেছে। ২০০৮ সালের পর ২৬ মার্চের আয়োজনে এ প্রদর্শনী যুক্ত হলো। গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের সময়েও কুচকাওয়াজ বা প্যারেড প্রদর্শনী বন্ধ ছিল।

তবে নতুন সরকারের আমলে এবার জাঁকজমকভাবে কুচকাওয়াজ আয়োজন করা হয়েছে। রমজানের শুরু থেকেই প্রস্তুতি নিয়ে মঙ্গলবার চূড়ান্ত মহড়ার মাধ্যমে আয়োজন সম্পন্ন করা হয়।