প্রাথমিকের ভর্তিতে লটারি থাকবে কি না, শিক্ষামন্ত্রীকে হাসনাতের প্রশ্ন

বর্তমানে দেশের প্রাথমিক শিক্ষায় ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি থাকবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২০২৭ সালে আসবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরুর পর কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রাইমারি স্কুলে বাচ্চাদের ভর্তি করানোর ক্ষেত্রে আমরা কি ভর্তির প্রক্রিয়াটি পরিবর্তন করব নাকি অ্যাডমিশন বাই লটারির মাধ্যমেই আমরা ভর্তি নেব এবং মেধাকে সবসময় দমিয়ে রাখব? এমন সম্পূরক প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রীকে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের বর্তমান শিক্ষা পদ্ধতিতে আমরা যদি দেখি, আমরা যারা পয়সা দিয়ে কিনতে পারি তারা এখন ইংরেজি মাধ্যমটা কিনছে। যারা পয়সা দিয়ে ইংরেজি মাধ্যম কিনতে পারে না, তারাই কেবল প্রচলিত শিক্ষা পদ্ধতি নিয়ে ভাবছে। আমাদের জন্য জনজীবনের জন্য আপনি যে শিক্ষা চালু করেছেন সেটাও আমরা কিনছি। আর যারা সেটাও কিনতে পারে না, তারা মাদরাসা শিক্ষা পদ্ধতি কিনছে।
শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, এই তিনটা শিক্ষা পদ্ধতি জিইয়ে রেখে আপনার কি মনে হয় যে আপনি একটা ইনক্লুসিভ শিক্ষা পদ্ধতি নিয়ে আমাদের দেশটাকে আগায় নিতে পারবেন?
প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ঢাকা শহরগুলোতে আমাদের এই প্রাথমিক স্তরে ভর্তির একটি সমস্যা রয়েছে। এই জটিলতা নিরসনের জন্য বিগত সরকার লটারি সিস্টেম করেছিল, যেটা আদৌ আমার মনে হয় না যুক্তিসঙ্গত। তবে আগামী বছর এই শিক্ষাব্যবস্থায় ভর্তি সিস্টেম কীভাবে করা হবে সেটা আনুষ্ঠানিকভাবে আমরা স্টেকহোল্ডারদের সঙ্গে অর্থাৎ অভিভাবকদের সঙ্গে, বিভিন্ন রকম সেমিনার-সিম্পোজিয়াম করে সংসদ সদস্য সবার অভিমত নিয়ে একটি জনমত সৃষ্টি করে আমরা আগামী ২০২৭-এর জানুয়ারি ভর্তির বিষয়ে চিন্তা করব।
ভর্তির প্রক্রিয়া প্রসঙ্গে শিক্ষামন্ত্রী আরও বলেন, আমরা আশা করি এই সংসদে এই বিষয়গুলো আলোচনা হওয়ার প্রয়োজন রয়েছে। মূলত আমাদের দেশের শিক্ষাব্যবস্থার জন্য রুরাল অ্যান্ড আরবান এই দুইটি সেকশন রয়েছে। এখন গ্রামীণ জনপদে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে প্রি-প্রাইমারি স্কুল রয়েছে এবং ছাত্র সংখ্যা এতটা কম্পিটিটিভ নয়, সেই কারণে সেখানে ভর্তি সমস্যা তেমন একটা হচ্ছে না। তবে শহরে ভর্তি সংক্রান্ত সমস্যা হচ্ছে।
এর আগে, গত বৃহস্পতিবার (১২ মার্চ) প্রথম অধিবেশন শুরু হয়। সেদিন অধিবেশনের প্রারম্ভে ভাষণ দেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান।