গার্মেন্টস শ্রমিকদের ছুটি নিয়ে ডিএমপি কমিশনারের বিশেষ অনুরোধ

এবারের ঈদযাত্রায় ভোগান্তি কমাতে গার্মেন্টস শ্রমিকদের একবারে ছুটি না দিয়ে ধাপে ধাপে ছুটি দেওয়ার অনুরোধ জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার।
শনিবার (১৪ মার্চ) গাবতলী বাস টার্মিনালে বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ অনুরোধ জানান।
ঈদযাত্রা নির্বিঘ্ন হওয়ার প্রত্যাশা করে ডিএমপি কমিশনার বলেন, রাজধানীতে অস্ত্রসহ বিপুল পুলিশ সদস্য মোতায়েন করা হবে। বিভিন্ন টার্মিনালে নিয়মিত নিরাপত্তা অভিযান চলবে।
অতিরিক্ত ভাড়া, টিকিট কালোবাজারি বন্ধেও নিয়মিত তদারকি করা হবে বলে জানান ডিএমপি কমিশনার।
এ সময় ঈদযাত্রায় দূরপাল্লার বাসে একাধিক চালক রাখা এবং বাসের ছাদে যাত্রী পরিবহন না করারও আহ্বান জানান তিনি।
এদিকে পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ১৭ মার্চ থেকে শুরু হচ্ছে সরকারি ছুটি। তার আগেই রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। শনিবার (১৪ মার্চ) ঢাকার কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের ভিড় দেখা গেছে। বিশেষ করে ভোগান্তি এড়াতে চাকরিজীবীদের অনেকেই পরিবারের সদস্যদের আগেভাগে গ্রামে পাঠিয়ে দিচ্ছেন।
স্টেশন ঘুরে এদিন সকাল থেকেই যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ কিছুটা বাড়তে থাকে। তবে, স্টেশনে টিকিট কাটার ঝামেলা ছিল না। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।
কমলাপুর রেলস্টেশনের প্রবেশপথে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রবেশমুখে দুই দফায় টিকিট পরীক্ষা করে যাত্রীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে। বিনা টিকিটে কাউকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।