৪৭তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রকাশিত এই ফলাফলে মোট ১ হাজার ৩২০ জনকে বিভিন্ন ক্যাডার পদে এবং ২০১ জনকে নন-ক্যাডার পদে নিয়োগের জন্য মনোনীত করা হয়েছে।
রোববার (২৮ জুন) পিএসসির ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।
পিএসসি সূত্রে জানা গেছে, জুলাইয়ের প্রথম সপ্তাহে ৪৭তম বিসিএসের ফল প্রকাশের প্রাথমিক চিন্তা থাকলেও, কারিগরি ও প্রশাসনিক কাজগুলো নির্ধারিত সময়ের আগেই শেষ হওয়ায় আজই ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করে কমিশন।
এর আগে, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল, যাতে উত্তীর্ণ হয়েছিলেন ৩ হাজার ৬৩১ জন প্রার্থী। পরবর্তী সময়ে মে মাস থেকে তাদের মৌখিক পরীক্ষা নেওয়া শুরু হয়।
এদিকে পিএসসি জানিয়েছে, নিয়োগের দীর্ঘসূত্রতা কমাতে তারা ‘ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার’ রোডম্যাপ নিয়ে জোর প্রস্তুতি চালাচ্ছে, যা ৫০তম বিসিএস থেকে পুরোপুরি কার্যকর করা হবে।





