logo

সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি গঠন করা হবে

সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি গঠন করা হবে

জুলাই জাতীয় সনদ সামনে রেখে সংবিধান সংশোধনের জন্য ১৭ সদস্যের কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, সরকারি দলের সাত ও স্বতন্ত্রসহ অন্যান্য দল থেকে থাকবেন পাঁচ সদস্য। 

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্যকালে তিনি এ কথা জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদে এ বিষয়ে কথা হয়।

বৃহস্পতিবারের মধ্যে বিরোধী দলকে পাঁচ সদস্যের নাম দেওয়ার আহ্বান জানান আইনমন্ত্রী।

মো. আসাদুজ্জামান বলেন, সংসদের রুল ২৬৬ অনুযায়ী, ১২ সদস্যের একটি প্রাথমিক তালিকা ঠিক করা হয়েছে। এতে বিএনপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি এবং স্বতন্ত্র সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ১২ জনের মধ্যে বিএনপি থেকে সাতজন এবং অন্যান্য দল থেকে পাঁচজন রাখা হয়েছে। 

আইনমন্ত্রী বলেন, সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠন করার জন্য আগামীকাল আমরা চাই, তাদের পক্ষ থেকে পাঁচজনের নাম দেন। তাহলে আমরা এ কমিটি গঠন করে সংবিধান সংশোধন এবং জুলাই সনদকে সামনে রেখে সামনের দিকে এগিয়ে যেতে চাই।

 

তার মতে, বিরোধী দল নাম দিলে পরদিনই কমিটি গঠনের প্রস্তাব উপস্থাপন করা যাবে এবং সংবিধান সংশোধন ও জুলাই সনদের আলোকে কাজ এগিয়ে নেওয়া সম্ভব হবে।