logo
Advertisement

মুক্ত বাণিজ্য অঞ্চল করতে যাচ্ছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব

এশিয়া পোস্ট নিউজ
মুক্ত বাণিজ্য অঞ্চল করতে যাচ্ছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। ছবি: সংগৃহীত

মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি বলেছেন, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আনতে মাতারবাড়ী ও চট্টগ্রাম বন্দরের কাছে ৬০০ একর জমিতে ‘মুক্ত বাণিজ্য অঞ্চল’ (ফ্রি ট্রেড জোন) গড়ে তুলছে সরকার। প্রস্তাবিত এই বিশেষ অঞ্চলে প্রচলিত কাস্টমসের কঠোর নিয়মকানুন কার্যকর থাকবে না।

Advertisement

বুধবার (১৭ জুন) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে ব্রিফিংয়ে এই তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।

মন্ত্রিপরিষদ সচিব জানান, এই মেগা উদ্যোগের পাশাপাশি চট্টগ্রাম জেলার আনোয়ারায় ‘চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’ (সিইআইজেড) স্থাপনের লক্ষ্যে স্পেশাল পারপাস কোম্পানির সঙ্গে ‘ডেভেলপমেন্ট অ্যাগ্রিমেন্ট’ এবং ‘ল্যান্ড লিজ অ্যাগ্রিমেন্ট’-এর অনুমোদন ও স্বাক্ষরের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

জ্বালানি পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, হরমুজ প্রণালি বন্ধ হওয়াতে বড় সংকট তৈরি হয়েছে। চুক্তি অনুযায়ী বিভিন্ন দেশ থেকে এলএনজি ও তেল আনা বিঘ্নিত হওয়ায় বর্তমানে স্পট মার্কেট থেকে তা কিনতে হচ্ছে। তবে দেশের জ্বালানি পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের এই ঘটনা শিক্ষা দিয়েছে যে, তেল কেনার প্রচলিত সিস্টেমটি এখন পর্যালোচনা করা দরকার।

এ ছাড়া, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় রাশিয়া থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।