logo

ভারতে গ্রেপ্তার দুই বাংলাদেশির বিষয়ে কনস্যুলার অ্যাকসেস চেয়েছে ঢাকা

ভারতে গ্রেপ্তার দুই বাংলাদেশির বিষয়ে কনস্যুলার অ্যাকসেস চেয়েছে ঢাকা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ভারতে গ্রেপ্তার দুই বাংলাদেশি নাগরিকের বিষয়ে কনস্যুলার অ্যাকসেস চেয়েছে বাংলাদেশ সরকার। তাদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই শেষে প্রয়োজনে বন্দিবিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

তিনি বলেন, হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে কলকাতা পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বলে বাংলাদেশ গতকাল জানতে পেরেছে। তাদের ইতোমধ্যে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিষয়টি নিয়ে কলকাতার এক উপকমিশনার বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করেছেন। বাংলাদেশ ইতোমধ্যে ভারতের কাছে কনস্যুলার অ্যাকসেস চেয়েছে, যাতে কর্মকর্তারা গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পরিচয় যাচাই ও প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করতে পারেন।

তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশ সরকারের কাছে থাকা তথ্য যথেষ্ট নয়। কনস্যুলার অ্যাকসেস পাওয়া গেলে তদন্তে পরবর্তী পদক্ষেপ নেওয়া সহজ হবে। অভিযুক্তদের পরিচয় নিশ্চিত হলে ভারত সরকারের সঙ্গে বিদ্যমান বন্দিবিনিময় চুক্তির আওতায় তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা করা হবে।

গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনের বক্স কালভার্ট সড়কে রিকশায় যাওয়ার সময় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

এ ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গত শনিবার গভীর রাতে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ। সীমান্তঘেঁষা পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স।