বাজেটে মদ-সিগারেটের দাম বাড়ানোটাও বিরোধীদলের পছন্দ নয়: প্রধানমন্ত্রী

বাজেটে মদ-সিগারেটের দাম বাড়ানোটাও বিরোধীদলের পছন্দ নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৩ জুন) বেলা সাড়ে ১১টায় কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে এক সভায় তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিবার বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়লেও এবার বাড়েনি। বরং ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর কমিয়ে দেওয়া হয়েছে।
সরকারপ্রধান বলেন, যেই বাজেটে ট্যাক্স কমানো হয়, সেই বাজেট বিরোধীদল মানে না। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধীদলের পছন্দ নয়। তাহলে এবার বিরোধীদলের উদ্দেশ্য বুঝতে পেরেছেন?
তিনি বলেন, তাদের (বিরোধীদল) লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়। তাদের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে দেশের মধ্যে একটি অস্থিতিশীলতা-অশান্তি তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা।
বাজেটে দেশি শিল্প সুরক্ষায় নেওয়া পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কিন্তু কৃষির সাথে সাথে আমাদেরকে শিল্প-বাণিজ্য গড়ে তুলতে হবে এবং সে কারণেই শিল্প-বাণিজ্য যদি গড়ে উঠতে পারে আমাদের সন্তানদের সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে।
তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিটি জেলায় ৮ থেকে ১০ হাজার কৃষককে কৃষি কার্ড দেওয়া হবে। এসব কার্ডের মাধ্যমে কৃষকদের নগদ আড়াই হাজার টাকা প্রণোদনা দেওয়া হবে।
তিনি আরও বলেন, বিএনপির রাজনীতি মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতি। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই কৃষকদের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে এবং তাদের উৎপাদন ব্যয় কমাতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।
তারেক রহমান বলেন, আমি বলতে চাই যে, এদেশের মালিক আপনারা। দেশের মালিক কোনো রাজনৈতিক দল নয়, দেশের মালিক কোনো পরিবার নয়, দেশের মালিক হচ্ছে বাংলাদেশের ২০ কোটি জনগণ।
কক্সবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল মাবুদের সভাপতিত্বে এই সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, স্থানীয় নেতা হারুনুর রশীদ।
সমাবেশের আগে প্রধানমন্ত্রী পাতিলী খালের পাড়ে গিয়ে নিজ হাতে কোদাল নিয়ে পুনঃখনন কাজের সূচনা করেন এবং সেখানে কাঠবাদাম গাছের চারা রোপণ করেন।
