logo

গৃহকর্মী নির্যাতনের অভিযোগে বিমানের এমডি স্ত্রীসহ গ্রেপ্তার

গৃহকর্মী নির্যাতনের অভিযোগে বিমানের এমডি স্ত্রীসহ গ্রেপ্তার

গৃহকর্মী নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাফিকুর রহমান এবং তার স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১ ফেব্রুয়ারি) রাতে ঢাকার উত্তরার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ বলেন, স্ত্রীসহ সাফিকুর রহমান ও বাড়ির দুই গৃহকর্মীর বিরুদ্ধে মামলা করেন শিশুটির বাবা। ওই মামলার ভিত্তিতে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে চার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৭-৮ মাস ধরে ১১ বছর বয়সি ওই গৃহকর্মী তাদের বাড়িতে কর্মরত ছিলেন। এ সময় শিশুটির ওপর অনেক অমানুষিক নির্যাতন চালানো হয়। 

শিশুটিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সারা শরীরে নির্যাতনের ক্ষতচিহ্ন দেখা গেছে বলেও জানিয়েছে পুলিশ।