স্নাতক পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষা চালু করবে সরকার

নারী শিক্ষার প্রসার এবং দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বড় ধরনের সামাজিক সুরক্ষা ও প্রণোদনামূলক কর্মসূচি ঘোষণা করেছে সরকার। নারী ক্ষমতায়ন ও শিক্ষায় সমতা নিশ্চিত করতে সরকার মেয়েদের জন্য স্নাতক পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষা সুবিধা সম্প্রসারণ করার ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন পদক্ষেপগুলো জাতির সামনে উপস্থাপন করেন।
অর্থমন্ত্রী তার বক্তৃতায় উল্লেখ করেন, নারীদের স্বনির্ভরতা নিশ্চিত করতে আধুনিক শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদান করা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য।
এ ছাড়াও দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের পড়াশোনার খরচ লাঘব করতে সরকার বিশেষ সহায়তা প্রদানের পরিকল্পনা নিয়েছে। এর আওতায় দরিদ্র শিক্ষার্থীদের স্কুল ইউনিফর্ম, জুতা ও স্কুল ব্যাগ সরবরাহ করা হবে। সরকারের এই উদ্যোগের ফলে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে উপস্থিতির হার বাড়বে এবং দরিদ্র পরিবারের ওপর শিক্ষার ব্যয়ের বোঝা হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।
শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা মেটাতে এবং সুস্বাস্থ্য নিশ্চিত করতে সারা দেশে পর্যায়ক্রমে মিড-ডে মিল কর্মসূচি সম্প্রসারণ করা হবে। এটি শিক্ষার্থীদের স্কুলে আসার প্রতি উৎসাহ দেওয়ার পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ছাড়া ছাত্রীদের স্যানিটেশন ও হাইজিন ব্যবস্থায় বিশেষ গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
বাজেটে প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করার জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করার কথা বলা হয়েছে। এই শিশুদের জন্য বিশেষায়িত সহায়ক প্রযুক্তি এবং শিক্ষা সামগ্রী প্রদানের জন্য আলাদা বরাদ্দ রাখা হয়েছে।

