ভাষার মাস ফেব্রুয়ারি শুরু

শুরু হয়েছে ফেব্রুয়ারি মাস। এটি বাঙালির ভাষা আন্দোলনের মাস। আত্মপরিচয়ের মাস। মাথা উঁচু করে দাঁড়ানোর শপথের প্রথম প্রহরের মহাক্ষণ। বাঙালি জাতির গৌরবোজ্জ্বল অধ্যায়। এ মাসের সঙ্গে জড়িয়ে আছে শহীদদের রক্তমাখা স্মৃতি ও মায়ের ভাষা প্রতিষ্ঠার ইতিহাস।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্র ভাষা বাংলার দাবিতে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলেন বাংলার মানুষ। দেশের প্রতিটি শহর-নগরে চলতে থাকে মিটিং-মিছিল। আন্দোলন দমনে নেমে পড়ে তৎকালীন সরকার। ঢাকা শহরে নিষিদ্ধ করা হয় মিছিল-সমাবেশ। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভেঙে রাস্তায় নামে প্রতিবাদী জনতা। সেদিন ১৪৪ ধারা ভেঙে বিক্ষোভ মিছিল শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষার্থী ও রাজনৈতিক কর্মী। মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি এলে পুলিশ আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করে। শহীদ হন সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিক। তাদের রক্তের বিনিময়ে বাঙালি জাতি পায় মায়ের ভাষার মর্যাদা।
মাতৃভাষার জন্য এমন মহান আত্মত্যাগের ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল। পৃথিবীর একমাত্র জাতি বাঙালি, যারা নিজেদের ভাষার জন্য এ মাসে জীবন দিয়েছিল। বাঙালির সাংস্কৃতিক ও আর্থসামাজিক জীবন এবং ক্রমবিকাশের চূড়ান্ত পর্যায়ে এসে বাঙালির শৌর্য-বীর্য যেন জ্বলে ওঠে এ মাসেই। এ মাস, এ ভাষা হলো স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজনের মতো।
১৯৯৯ সালে ইউনেস্কো ২১ ফেব্রুয়ারি দিনটিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ ঘোষণা করে। এর মধ্য দিয়ে একুশে ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে এখন বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয়।