গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব

অপতথ্য ও গুজব সাংবাদিকতার জন্য বড় হুমকি উল্লেখ করে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী বলেছেন, সম্প্রতি এর সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি জানান, ১ হাজার ১৫৮টি অপতথ্য ছড়ানো হয়েছে বিএনপিকে নিয়ে। এর মধ্যে ৪১০টি প্রধানমন্ত্রীকে জড়িয়ে।
শুক্রবার (১৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নতুন সদস্য বরণ অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব।
তিনি বলেন, সাংবাদিকের রাজনৈতিক দল সমর্থন অন্যায় নয়। তবে পক্ষপাতগ্রস্ত হয়ে সত্য গোপন করা ঠিক না। সত্য প্রকাশ করার পরে সাংবাদিকরা যেকোনো রাজনৈতিক দল সমর্থন করতে পারেন বলেও মন্তব্য করেন প্রেস সচিব।
তিনি বলেন, সাংবাদিকতার বিস্তৃতির সঙ্গে দায়িত্বহীনতাও বেড়েছে, ফলে সংবাদের গ্রহণযোগ্যতা কমেছে। অপতথ্য ঠেকাতে সঠিক আইন প্রয়োজন।
সাংবাদিকরা দায়িত্বশীল হলে সোশ্যাল মিডিয়ায় গুজব-অপতথ্য কমে আসবে জানিয়ে সব মিডিয়াকে ফ্যাক্টচেক অনুষ্ঠান করার পরামর্শ দেন প্রেস সচিব।
এক প্রশ্নের জবাবে সালেহ শিবলী বলেন, ২০২৪ সালের পাঁচ আগস্টের পর কথা বলার স্বাধীনতা, গুম-খুন না হওয়ার নিশ্চিয়তা মিলেছে।
