logo
Advertisement

ওমানে গাড়ির ভেতরে নিহত চার ভাইয়ের মরদেহ দেশে পৌঁছেছে

এশিয়া পোস্ট প্রতিবেদক
ওমানে গাড়ির ভেতরে নিহত চার ভাইয়ের মরদেহ দেশে পৌঁছেছে
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে গাড়ির ভেতরে নিহত চার ভাইয়ের মরদেহ দেশে পৌঁছেছে। তারা হলেন- চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বাসিন্দা রাশেদুল ইসলাম, সাহেদুল ইসলাম, মো. সিরাজ ও মো. শহিদ।

Advertisement

মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে (বিজি-৭২২) মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছেছে। বিমানবন্দর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গত ১২ মে রাতে ওমানের আল মিলিদ্দা, আল মোছানা স্টেট অব আল বাতিনাহ এলাকায় গাড়ির ভেতরে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে রাঙ্গুনিয়ার চার ভাইয়ের মৃত্যু হয়।

বিমানবন্দর সূত্রে জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৭২২ মঙ্গলবার ওমানের স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে মাস্কাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। একই ফ্লাইটে নিহতদের স্বজন মোহাম্মদ ফজলুল হকও দেশে ফিরেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঢাকায় পৌঁছানোর পর প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় বিশেষ ফ্রিজার অ্যাম্বুলেন্সে মরদেহ সরাসরি রাঙ্গুনিয়ার গ্রামের বাড়িতে নেওয়া হবে। সবকিছু ঠিক থাকলে বুধবার (২০ মে) সকাল ৭টা থেকে ৮টার মধ্যে মরদেহ বাড়িতে পৌঁছাবে।

নিহতদের একমাত্র জীবিত ভাই এনাম জানান, পারিবারিক কবরস্থানে পাশাপাশি চারটি কবরে তাদেরকে দাফনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তবে এই হৃদয়বিদারক মৃত্যুর খবর এখনো পুরোপুরি জানানো হয়নি তাদের অসুস্থ বৃদ্ধা মাকে।