অভিযোগ সরাসরি জানালে দ্রুত কাজ হবে : ইসি সচিব

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সরাসরি ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি বা রিটার্নিং কর্মকর্তার কাছে জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ইসি সচিব বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে বলেই রাজনৈতিক দল ও প্রার্থীরা প্রচার চালাতে পারছেন। যদি না থাকত, এটা কি হতো?
বিদেশে আচরণবিধি লঙ্ঘনের দায় সংশ্লিষ্ট ব্যক্তির ওপর বর্তাবে জানিয়ে তিনি বলেন, সেখানে নির্বাচন কমিশনের সরাসরি কিছু করার সুযোগ নেই।
পোস্টাল ব্যালটের বিষয়ে আখতার আহমেদ বলেন, আজ থেকেই দেশের ভেতরে পোস্টাল ব্যালট বিতরণ শুরু হয়েছে। সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গণনা একই সময়ে চলবে এবং ফলাফলও একসঙ্গে ঘোষণা করা হবে।
নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, ভোটকেন্দ্রে প্রায় ১৬ হাজার বিএনসিসি সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ২৫ থেকে ৩০ হাজার বডিওর্ন ক্যামেরা ব্যবহারের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এদিকে, নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানান, নির্বাচনে পর্যবেক্ষণে ৮১টি দেশি নিবন্ধিত সংস্থার ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক নিয়োজিত থাকবেন। এ ছাড়া বিদেশি পর্যবেক্ষক থাকবেন প্রায় ৫০০ জন।
দেশি পর্যবেক্ষকদের মধ্যে ৭ হাজার ৯৯৭ জন কেন্দ্রীয়ভাবে এবং ৪৭ হাজার ৪৫৭ জন স্থানীয়ভাবে ভোট পর্যবেক্ষণ করবেন।