পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে প্রিন্টিং প্রেসে শিক্ষামন্ত্রী

আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপানোর অগ্রগতি তদারকি করতে ও মান যাচাই করার জন্য রাজধানীর ছয়টি প্রেস পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
তিনি সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১২টার পর প্রেসগুলো পরিদর্শন করেন।
প্রেসগুলো হলো, মৌসুমী অফসেট প্রেস, ফায়িজা প্রিন্টিং প্রেস, শৈলী প্রিন্টার্স, বর্ণশিখা অফসেট প্রিন্টার্স, সোনালী ওয়েব প্রিন্টার্স ও ন্যাশনাল প্রিন্টার্স।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিদর্শনে শিক্ষামন্ত্রী বইয়ের কাগজের মান, ছাপার গুণগত মান এবং ছাপার কাজের অগ্রগতি যাচাই করেন। তিনি শিক্ষার্থীদের হাতে সময়মতো মানসম্মত পাঠ্যবই পৌঁছে দিতে ছাপার কাজে নির্ধারিত মান বজায় রাখার ওপর গুরুত্ব দেন। এ ছাড়া বই ছাপার ক্ষেত্রে গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সূত্র আরও জানায়, শিক্ষামন্ত্রী বিভিন্ন প্রেসে গিয়ে ছাপাকাজে অসঙ্গতি লক্ষ্য করেন। বিশেষ করে বইয়ে নিম্নমানের কালি ব্যবহারের ফলে পাঠ্যবইয়ের ছবিগুলো ঝাপসা ও বিবর্ণ হয়ে যাওয়ার চিত্র দেখে নিম্নমানের কালি ব্যবহার না করতে নির্দেশনা দেন তিনি।
