নির্বাচনের আগে কেউ কেউ টিকিটও বিলি করেছিল: তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো বিভিন্ন রকমের প্রতিশ্রতি দিয়েছিল। কেউ কেউ টিকিটও বিলি করেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১ এপ্রিল) সংসদ অধিবেশনে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, বিগত নির্বাচনে বিএনপির প্রতি জণগন যে সমর্থন দিয়েছে তাতে পরিষ্কারভাবে প্রমাণিত হয় কৃষক কার্ডসহ যেসব পরিকল্পনা বিএনপি দিয়েছিল তা বাংলাদেশে মানুষ সমর্থন করেছে।
তিনি বলেন, প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলোকে প্রাথমিক পর্যায়ে ১৩টি জেলায় ৩৭ হাজার ৮১৪টি নারী প্রধান পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে কৃষকের সার্বিক সুরক্ষা প্রদানের জন্য সরকার কৃষক কার্ড প্রদানের উদ্যোগও গ্রহণ করেছে।
বিভিন্ন প্রকল্পের তথ্য জানিয়ে তারেক রহমান বলেন, ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না এবং অর্থনীতি সচল ও শক্তিশালী হবে। নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যে কর্মসূচি শুরু হয়েছে। ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে প্রস্তুত করা হয়েছে এক কোটি চারা।